বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর থমকে যান প্রিয়াঙ্কা সরকার। শোক মিছিলসহ প্রয়োজনীয় কাজে বাইরে দেখা গেছে শুকনো মুখে। মনে হয়েছে প্রাণটা সঙ্গে নেই প্রিয়াঙ্কার। এবার সেই শোক সঙ্গে নিয়ে যোগ দিলেন শুটিংয়ে।
আজ শুক্রবার শমীক রায়চৌধুরীর সিরিজ ‘তারকাটা’র শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। এতে তাকে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিরিজটির প্রযোজকও অভিনেতা। তাকে ঘিরে ঘুরবে গল্প।
দিন তিনেকের মতো শুটিং বাকি সিরিজের। ১০-১১ ও ১৩ এপ্রিল শুটিং হবে। ১০ এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা যোগ দিয়েছেন। বাকি দিনগুলো তিনি শুট করবেন কি না, এখনও জানা যায়নি। শুটিং হচ্ছে বেহালার কাছাকাছি কোথাও।
প্রিয়াঙ্কার শুটিংয়ে যোগ দেওয়ার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক শমীক। শুধু বলেছেন, “শটে আছি।” প্রিয়াঙ্কা ছাড়াও এদিন শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।
এদিকে রাহুলের মৃত্যু নিয়ে মামলা করেছেন প্রিয়াঙ্কা। তালসারি থানায় পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন। তারা হলেন, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।
অভিযোগে বলা হয়েছে, তালসারিতে শুটিংয়ের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি। এদিকে স্বামীর মৃত্যুর ৫ দিন পর মামলা করেন প্রিয়াঙ্কা।
২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।