বিনোদন প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকার রোববার (৫ এপ্রিল) থেকে সন্ধ্যা ৭ টার পর দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই নির্দেশনা মেনে দেশের মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পর শো বন্ধ করে দেয়।
তবে সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার অনুরোধ জানিয়ে এক বিবৃতি দেন সিনেমার প্রযোজক নির্মাতারা। ‘দমে’র প্রযোজক শাহরিয়ার শাকিল, ‘রাক্ষসে’র প্রযোজক শাহরিন আক্তার সুমি, ‘প্রিন্সে’র প্রযোজক শিরিন সুলতানা, ‘প্রেশার কুকারে’র নির্মাতা রায়হান রাফী এবং ‘বনলতা এক্সপ্রেসে’র নির্মাতা তানিম নূরের দেওয়া সেই বিবৃতির পর কী হলো জানতে গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তানিম নূর ঢাকা মেইলকে বলেন, ‘বিবৃতি দেওয়ার পর আশানুরূপ কোনো পদ্দক্ষেপ নিতে দেখিনি আমরা।’
রায়হান রাফীও একই সুরে কথা বললেন। তার কথায়, ‘আমরা বিবৃতির পর সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু প্রসঙ্গে কোনো তথ্য পাইনি। এখন অফিস আদালত খুলেছে। যারা ছবি দেখতে যান তারা সন্ধ্যার শো-ই বেছে নেন। সেই শোগুলো বন্ধ থাকলে বড় একটা দর্শক হারাতে হয়। সেটাই হচ্ছে। সন্ধ্যার পর শো বন্ধ থাকায় শুক্র-শনিবারে চাপ বাড়ছে। ফলে ছুটির দিনগুলোতেও টিকিট পাচ্ছে না মানুষ। বাংলা সিনেমার একটা জোয়ার এসেছিল, উন্মাদনা চলছিল। এ অবস্থায় এমন পদক্ষেপে ছবিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে।’
শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা বিবৃতি দিয়েছিলাম সবার দৃষ্টি আকর্ষণের জন্য। যেন বিষয়টি নিয়ে ভাবা হয়। কিন্তু বিবৃতি দেওয়ার পর কোনো তথ্য পাইনি। এর চেয়ে বেশি আমাদের করারও নেই। কেননা আমরা মূলত ভুক্তভোগী।’
বিষয়টি মার্কেট ও হল কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, ‘নির্দেশনা দেওয়া হয়েছে মার্কেট বন্ধের। কোথাও সিনেমা হল বন্ধের বিষয় উল্লেখ নেই। তাই সরকারকেও দোষ দিতে পারছি না। বিষয়টির সুরাহার উদ্যোগ নেওয়ার কথা হল কর্তৃপক্ষের। তারা মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানে আসতে পারে। সিঙ্গেল স্ক্রিনগুলো চলছে। মাল্টিপ্লেক্স বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘তারা (প্রযোজক-নির্মাতারা) বিবৃতি দিয়েছেন সরকারে উদ্দেশে। সিদ্ধান্ত নেবেন সরকার। এখানে আমাদের কিছু করার এখতিয়ার নেই। আমরা সরকারি নির্দেশনা মেনে চলছি। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও সুরাহার মতো না এটা। কেননা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানী তেল সংকটে দেশ। সংকট যেন বড় না হয় সেজন্যই এই নির্দেশনা।’
যমুনা ব্লকবাস্টারের ম্যানেজার মাহবুব বলেন, ‘মল কর্তৃপক্ষ আমাদের একটুও যে ছাড় দিচ্ছে না তা কিন্তু না। নির্দেশনা অনুযায়ী মার্কেট বন্ধের সময় সন্ধ্যা ৭ টা। কিন্তু আমদের শো শেষ হতে আটটা-সাড়ে আটটা বেজে যায়। এটুকু ছাড় তারা দিচ্ছেন। এরচেয়ে বেশি তাদের পক্ষে সম্ভব না।’
ঢাকার অদূরে কেরানিগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, ‘আমার এখানে সন্ধ্যা কিংবা রাতের শো চালানো হচ্ছে না। শেষ শো ভাঙতে সাড়ে সাতটা বেজে যায়। এরপর আর চালানো হয় না। কেননা মার্কেট বন্ধ হয়ে গেলে দর্শক সেভাবে পাওয়া যায় না। অন্ধকার দেখে অনেকে ভাবেন সব বন্ধ। হলমুখী হন না তারা। তাছাড়া সন্ধ্যার পর আলো জ্বলতে দেখলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তোপের মুখে পড়তে হয়।’
বিষয়টি নিয়ে আলোচনার টেবিলে বসার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে উৎসাহ দেখালেন না লায়নের কর্ণধার। দায়ী করলেন নিজেদের মধ্যাকার সমন্বয়হীনতাকে।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও উপসচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টায় একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি তাদের।
আরআর