রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বাণিজ্যিক দিক এবং দর্শক চাহিদার কথা বিবেচনা করে প্রেক্ষাগৃহকে মার্কেট বন্ধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতরে থাকা হলগুলোও বন্ধ হয়ে যাওয়ায় চলচ্চিত্র শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি বলে মত নির্মাতা এবং প্রযোজকদের।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রোজার ঈদের সময় দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকে। সাধারণত দিনের কর্মব্যস্ততা ও রোজার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা এবং রাতের শো-গুলোতেই দর্শক সপরিবারে সিনেমা দেখতে সবচেয়ে বেশি আগ্রহী হন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সন্ধ্যা এবং রাত হচ্ছে সিনেমার ‘প্রাইম টাইম’। ফলে সন্ধ্যা ৭টায় হল বন্ধ করে দিলে কয়েক লাখ দর্শক সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন, যা উৎসবের আমেজকে ম্লান করে দেবে।
বিজ্ঞাপন
'দেশের অধিকাংশ সিনেমা হল-ই বন্ধ'
অতীতের উদাহরণ টেনে বিবৃতিতে আরও জানানো হয়েছে, এর আগেও বিভিন্ন সময়ে মার্কেট নির্দিষ্ট সময়ে বন্ধ হলেও সিনেমা হলগুলো সেই নিয়মের আওতামুক্ত ছিল। সাধারণত রাত ১০টা বা শো শেষ না হওয়া পর্যন্ত হল খোলা রাখার অনুমতি দেওয়া হতো। মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করেও হলের কার্যক্রম চালু রাখা সম্ভব, যা আগেও সফলভাবে হয়েছে। এবারের রোজার ঈদে বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পিক-আওয়ারে হল বন্ধ থাকলে লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়া অসম্ভব হয়ে পড়বে, যা দেশীয় চলচ্চিত্রের যাত্রাকে ব্যাহত করবে।
বিবৃতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশে চলচ্চিত্রের এই পুনর্জাগরণ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। দর্শকদের ঈদের আনন্দ পূর্ণতা দিতে এবং বড় অংকের বিনিয়োগ রক্ষা করতে সিনেমা হলগুলোকে মার্কেটের সাধারণ দোকানের আওতামুক্ত রেখে পূর্বের মতো চালু রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের জরুরি ও সহমর্মিতামূলক পদক্ষেপ কামনা করেছেন তারা।
সরকারি নির্দেশনা মানছে মাল্টিপ্লেক্সগুলো, যে দাবি সিঙ্গেল স্ক্রিনের
বিজ্ঞাপন
বিবৃতি দিয়েছেন শাহরিয়ার শাকিল, তানিম নূর, রেদওয়ান রনি, সাকিব আর খান, রায়হান রাফি, শাহরিন আক্তার সুমি ও শিরিন সুলতানা।
এবারের রোজার ঈদের মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রেশার কুকার’।
ইএইচ/

