images

বিনোদন

বিপাকে র‍্যাপার বাদশা, ‘প্রায়শ্চিত্তে’ নিতে হচ্ছে ৫০ নারীর দায়িত্ব

বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

বিতর্ক পিছু ছাড়ে না র‍্যাপার বাদশার। সম্প্রতি তার সঙ্গে জুড়েছে ‘টাটিরি’ বিতর্ক। মার্চের শুরুর দিন গানটি প্রকাশের পর থেকেই নাজেহাল হতে হচ্ছে। এবার পঞ্চাশ জন নারীর দায়িত্ব নেওয়ার শর্তে সমাধান হচ্ছে জটিলতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গতকাল ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হন বাদশা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। এ ঘটনার পর জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে ৫০ জন নারীর পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বাদশার আইনজীবী অক্ষয় দাহিয়া বলেন, ‘‘আমরা নারী উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি।” আইনজীবী জানান, বাদশা অন্তত ৫০ জন শিশুকন্যার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। নারীর কল্যাণে সমর্থিত অনুষ্ঠানগুলোর অর্থ সংগ্রহে সাহায্য করবেন তিনি। এ ছাড়াও অর্থনৈতিক ভাবে দুর্বল নারীদের খাওয়া-পরার খরচ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও কোন নারীদের সাহায্য করবেন তিনি বা সেই তালিকায় কারা থাকবেন, তা উল্লেখ করা হয়নি।

কমিশনকে বাদশা আরও জানান, আগামী চার মাসের মধ্যেই নারীদের জন্য একটি ইতিবাচক গান তৈরি করবেন তিনি। ভবিষ্যতে তিনি এ ধরনের আর কোনো কাজ না করার কথাও দিয়েছেন। 

গেল ১ মার্চ প্রকাশ পায় ‘টাটিরি’। গানটি শুরুতে লুফে নেন শ্রোতারা। কিন্তু দিন দুয়েক বাদেই দেখা যায় ভিন্ন চিত্র। গানটির কথা ও দৃশ্যায়ণে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরার অভিযোগ ওঠে। 

হরিয়ানা মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়। গায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। এ প্রসঙ্গে হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়ার মন্তব্য, “এই ধরণের গান জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে।” সবশেষে ওঠে বাদশার নামে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি। এরপরই মিমাংসার উদ্যোগ নেন এ র‍্যাপার।