images

বিনোদন

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আরএস ফাহিমকে

বিনোদন ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখান।

এদিন আসামি ফাহিমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে জনতা ও একদল শিক্ষার্থী আটক করে। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপর ৩০ মার্চ গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র‌্যাব কোয়ার্টারের সামনে মিছিল করছিল আন্দোলনকারীরা। বিকেল সাড়ে তিনটার দিকে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এতে আহত হন মাসুদ হোসাইন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুকে ইনফেকশন ধরা পড়ায় অপারেশনও করেন।

এর আগে গত বছরের ২৪ আগস্ট আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি একটি টেলিভিশনের মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে আটকের পর তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপরই আলোচনায় আসেন তরুণ প্রজন্মের স্টান্ট রাইডার এবং কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। গত বছরের জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনগণের বিপরীত অবস্থান নিয়ে বারবার উঠে এসেছে তার নাম।