বিনোদন প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম
গেল বছরের শেষের দিকে শিহাব জানিয়েছিলেন স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে ‘গোলাম মামুন ২’-এর। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণ। পরে জানা যায় শিহাব শাহীন না, ‘গোলাম মামুন ২’ নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
বিষয়টি নিয়ে তখন সিরিজটির প্রযোজক হইচই এবং অংশু নীরবতা পালন করলেও বিশ্বস্ত সূত্রে জানা যায় অংশু-ই হচ্ছেন ‘গোলাম মামুন ২’-এর কাপ্তান। অন্যদিকে শিহাব শাহীন বলেছিলেন, ‘‘রোজার ঈদের আগে ‘গোলাম মামুন ২’ করার কথা ছিল। কিন্তু সময় দিতে পারিনি। কেননা হাতে প্রায় ৮-১০টি প্রজেক্ট। এরপর কী হয়েছে আমার জানা নেই।’’

শোনা গিয়েছিল শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে সিরিজটির। কিন্তু মাস দুয়ের চলে গেলেও নেই ‘গোলাম মামুন ২’ সম্পর্কিত কোনো খবর। অংশুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দেরি হবে ‘গোলাম মামুনে’র আসতে। তবে জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে নতুন একটি প্রজেক্ট করতে যাচ্ছেন তিনি।
ঢাকা মেইলকে অংশু বলেন, ‘‘গোলাম মামুন টু’ আসতে সময় লাগবে। কাজটি এখনও স্ক্রিপটিং পর্যায়ে আছে। এর আগে যখন ‘বুকের মধ্যে আগুন’ করলাম সে সময় আমার দশ মাস লেগেছিল স্ক্রিপ্টিংয়ে। সাধারণত যেকোনো কনটেন্টের স্ক্রিপ্টিংয়ে ৭-৮ মাস চলে যায়। ওই জায়গা থেকে কোরবানি ঈদে আসবে কিনা বলা যাচ্ছে না। তবে এ বছরই আসবে বলে আশা করছি।’’

তিনি বলেন, ‘তবে নতুন একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি আমি আর অপূর্ব। শিগগিরই শুটিং শুরু হবে।’ এর চেয়ে বেশি ভাঙলেন না নির্মাতা। শুধু জানালেন এটি একটি ইউটিউব কনটেন্ট। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
২০২৪ সালে হইচইয়ে মুক্তি পায় ‘গোলাম মামুন’। শিহাব শাহীনের এ সিরিজটি ছিল অংশু নির্মিত বুকের মধ্যে আগুন-এর স্পিন অব সিরিজ। ‘গোলাম মামুন’-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপূর্ব। সঙ্গে ছিলেন সাবিলা নূর। আরও অভিনয় করেছিলেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু প্রমুখ।
আরআর