বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম
বাড়ছে ধোঁয়াশা। শুরুতে বলা হয়েছিল, রাহুলের অনুরোধে পানিতে শুটিং হচ্ছিল। এখন শোনা যাচ্ছে, চিত্রনাট্যে পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য থাকলেও ছিল না নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে স্থানীয় থানা থেকেও নেওয়া হয়নি শুটিংয়ের অনুমতি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, ধারাবাহিকের চিত্রনাট্য মেনে নাকি শুটিং হয়েছে। মধুচন্দ্রিমায় গিয়ে পানিতে ডুবে মৃত্যু হবে রাহুলের চরিত্রের। ধারাবাহিকে নাকি এমন দৃশ্য দেখানো হবে— পূর্বপরিকল্পিত ছিল।

সেই অনুযায়ী গভীর পানিতে শুটিং করছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। মাত্র একজন নুলিয়া নাকি উপস্থিত ছিলেন শুটিংস্থলে। নিরাপত্তার আর কোনো ব্যবস্থা ছিল না সেখানে। এমনকি স্থানীয় থানা থেকেও সমুদ্রে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি।
তথ্যগুলো নাকি ছড়িয়েছে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ভেতর থেকে। এ বিষয়ে মুখ খোলেননি কাহিনি এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। তবে এর আগে তার দেওয়া বক্তব্য সম্পূর্ণ বিপরীত।

রাহুলের মৃত্যুর শুরু থেকেই তিনি বলে আসছেন, গভীর পানিতে নেমে শুট করার কোনো দৃশ্য তিনি লেখেননি। ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডলও একই সুরে বেজেছেন। তিনি জানান, রাহুলই নাকি পানিতে নেমে কিছু দৃশ্য শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন।
এদিকে এর আগেও লীনার সঙ্গে কাজ করেছেন রাহুল। দুজনের রসায়ন ভালো। লীনার চিত্রনাট্যে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে একবার বলেছিলেন, “লীনাদির গল্পে আমাদের কিচ্ছু করতে হয় না। শুধু চরিত্রকে জীবন্ত করা ছাড়া। বাকিটা দিদিই সাজিয়ে দেন।”

এ থেকে স্পষ্ট লীনার চিত্রনাট্যকে চোখ বুজে অনুসরণ করতেন রাহুল। সেইসঙ্গে আরও একটি তথ্য ঘুরছে। ওই ধারাবাহিকে রাহুলের বিপরীতে ছিলেন শ্বেতা। তিনি জানিয়েছিলেনল, তিনি এবং রাহুল উভয়েই পানির গভীরে গিয়ে শুটিং করছিলেন। তিনিও পানিতে পড়ে যান। উপস্থিত বাকিদের সহযোগিতায় পানি থেকে উঠে আসেন। কেবল উঠতে পারেননি রাহুল! ফলে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। জটিলতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই দেখার অপেক্ষা।
২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।