জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ভোলবাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুলের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। গত ২৯ মার্চ ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে এই দুর্ঘটনা ঘটে।
অভিনেতার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের পক্ষ থেকে শুটিং ইউনিটের ব্যর্থতা ও চরম অবহেলার অভিযোগ উঠেছে। ফলে মৃত অভিনেতার পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
ওড়িশা পুলিশের তদন্ত অনুযায়ী, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে হাঁটু সমান পানিতে একটি দৃশ্যের শুটিং করছিলেন রাহুল। সেই সময় আচমকাই দুজনে পা পিছলে পড়ে যান। ইউনিট সদস্যরা তাঁদের উদ্ধার করে দিঘার একটি হাসপাতালে নিয়ে গেলেও রাহুলকে বাঁচানো সম্ভব হয়নি। তবে শ্বেতা মিশ্র প্রাণে বেঁচে যান। এই ঘটনায় পুলিশের অভিযোগ, শুটিং করার জন্য প্রযোজনা সংস্থার কোনো অনুমতি ছিল না।
রাহুলের মৃত্যুর ঘটনায় অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছে। সংগঠনের দাবি, খরচ কমাতে গিয়ে অনেক অভিনয়শিল্পীদের সুরক্ষাবিধি অনুসরণ করা হয় না। সমুদ্রের ধারে শুটিংয়ের জন্য ডুবুরি, উদ্ধারকারী দল এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা না থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতি স্পষ্ট। এ ঘটনার জেরে সংগঠনটি প্রযোজনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের প্রথমিক তদন্ত অনুযায়ী, শুটিং ইউনিটের সদস্যদের দেওয়া তথ্যের মধ্যে গরমিল থাকায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। সংগঠনটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
ইএইচ/

