বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম
পানিতে ডুবে রাহুলের মৃত্যুতে স্তব্ধ টলিউড। অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছেন না সহকর্মীরা। অভিনেত্রীও বাকরুদ্ধ। ইনস্টাগ্রামে দেওয়া প্রতিক্রিয়া-ই তা স্পষ্ট।
প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও অসীম হতাশার সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিক ভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসরের অনুরোধ জানাচ্ছি। এখানে একটি শিশু, একজন মা, একটি পরিবার এবং প্রিয়জনরা একসঙ্গে এই ক্ষতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা আমাদের বন্ধুদের এবং সংবাদমাধ্যমে কর্মরত সহকর্মীদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি— আমাদের সীমারেখাকে সম্মান করুন, অনধিকার প্রবেশ থেকে বিরত থাকুন, এবং আমাদের শান্তিতে শোক পালনের মর্যাদা দিন। এই সময়ে আপনাদের বোঝাপড়া এবং সমর্থন আমাদের কাছে আগের যে কোনোও সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে স্বামীর মতো প্রিয়াঙ্কাও টলিপাড়ায় সুপরিচিত। মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে তার। রাহুলের মতোই জনপ্রিয়তা। চলুন জেনে নেওয়া যাক প্রিয়াঙ্কা সরকার সম্পর্কে।
১৯৯০ সালের ৩১ ডিসেম্বর কলকাতায় জন্ম প্রিয়াঙ্কার। অভিনয়ে যাত্রা শুরু শিশুশিল্পী হিসেবে। সে ২০০৩ সালের কথা। তখন বয়স ১২। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ অভিনেত্রী নিজেকে বিকশিত করেন তিনি। ২০০৫ সালে ‘দাদার আদেশ’ নামের সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাকে।

এরপর অসংখ্য সিনেমায় কাজ করেছেন প্রিয়াঙ্কা। তবে কাংক্ষিত জনপ্রিয়তা পান ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে। এই ছবি দিয়ে বড়পর্দায় ক্যারিয়ার শুরু হয় রাহুলের। তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি। পর্দায় কৃষ্ণ-পল্লবীর প্রেম দেখে কলকাতার দর্শক ফের টলিপাড়ার সিনেমায় বুঁদ হন।
এছাড়া ‘রাজকাহিনী', ‘ক্রিসক্রস’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘অন্দরকাহিনী’, ‘সুলতান: দ্য সেভিয়ার’, ‘রবিনস কিচেন’, ‘দ্য জেব্রাস: ডার্ক ভ্রম’ এবং ‘ফেরা’-র মতো সিনেমায়ও পাওয়া গেছে তাকে।
_20260330_164635369.jpg)
সিনেমায় একে অন্যের বিপরীতে স্ক্রিন শেয়ার করলেও নাটক-সিরিয়ালে রাহুল ও প্রিয়াঙ্কা ভাইবোনের চরিত্রে বেশি দেখা গেছে। প্রিয়াঙ্কা অভিনীত ছোটপর্দার কাজগুলোর মধ্যে ‘স্বপ্নের রং নীল’, আস্থা, খেলা, ও ‘নানা রংয়ের দিনগুলি’ উল্লেখযোগ্য। বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছেন অভিনেত্রী।
রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কও ছিল বেশ আলোচিত। ‘চিরদিনই তুমি যে আমার’-এ কাজ করতে গিয়ে প্রেমে পড়েন। ২০১০ সালে বাঁধেন ঘর। তাদের ভালোবাসার ফসল হিসেবে কোল আলো করে আসে পুত্র সন্তান সহজ। তবুও সহজ হয়নি যৌথ জীবন। ২০১৭ সাল থেকে আলাদাবাস শুরু করেন তারা। তবে দুজনকে এক অদৃশ্য চম্বুকে ধরে রেখেছিল ছেলে সহজ। সন্তানের সহজ শৈশবের কথা ভেবেই ২০২৩ সালের মাঝামাঝিতে জোড়া লাগে সম্পর্কের সুতা।

সবশেষে জানা যাক প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ। এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ১০ থেকে ১২ কোটি রুপির সম্পদ রয়েছে অভিনেত্রীর। টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।
আরআর