images

বিনোদন

রাহুলের মৃত্যুর আগ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন অভিনেতার গাড়ি চালক

বিনোদন ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছেই না। পানি থেকে উদ্ধারের পর তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, কিংবা মৃত্যুর আগ মুহূর্তে ঠিক কী ঘটেছিল তা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার গাড়িচালক বাবলু দাস।

যেখানেই শুটিং থাকুক, রাহুলের ছায়াসঙ্গী হিসেবে পাশে থাকতেন বাবলু। চোখের সামনে মালিকের এমন পরিণতি এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। সোমবার তমলুক হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবলু জানান, রোববার (২৯ মার্চ) ভোর থেকে তালসারির সমুদ্রসৈকতে শুটিং শুরু হয়েছিল। বিকেলে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন শুটিং প্রায় শেষ পর্যায়ে ছিল।

rahul_h

বাবলুর ভাষ্য, ‘শুটিং প্রায় শেষ হয়ে এসেছিল। ওটাই ছিল দিনের শেষ দৃশ্য।’ আর সেই দৃশ্যই যে অভিনেতার জীবনের শেষ দৃশ্যে হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

উদ্ধারের পর অভিনেতা বেঁচে ছিলেন কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। এ প্রসঙ্গে বাবলু জানান, রাহুলকে উদ্ধারের পর তাঁকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ‘দাদাকে জল থেকে তোলার পর সমুদ্রের পাড়ে নিয়ে এসে পেট থেকে পানি বের করার চেষ্টা হয়েছিল। কিছুটা জলও বেরোয়। তখনও তাঁর নিশ্বাস চলছিল।’ এরপর হাসপাতালে নিয়ে আসা হলে ততক্ষণে সব শেষ।

রাহুলকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন ধারাবাহিকের প্রোডাকশন ইউনিটের সদস্যরা। তাঁদের প্রচেষ্টায় অভিনেতাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। তার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল বাবার হাত ধরে, ‘রাজ দর্শন’ নামক একটি নাটকের মাধ্যমে। বিজয়গড় থিয়েটার দলের সেই শুরু থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। 

ইএইচ/