বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম
রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমার। এরমধ্যে জোরেশোরে শোনা যাচ্ছে সিয়াম আহমেদ ও মেহেদী হাসান হৃদয় জুটির প্রথম সিনেমা ‘রাক্ষস’-এর নাম। সিনেমার ফার্স্ট লুক, পোস্টার, টিজার, ট্রেলার এবং আইটেম গান দর্শকদের নজর কেড়েছে।
জানা গেছে, গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর দ্বিতীয় কিস্তি ‘রাক্ষস’। এ ছবিতে সিয়ামকে দেখা যাবে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। হলে থেকে বেরিয়ে দর্শকরা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাক্ষস’-এ শাকিব খানের ক্যামিও রয়েছে।

সিয়ামের এক ভক্তের কথায়, “রাক্ষসে শাকিব খান ও ‘তাণ্ডব’এর জিল্লুর এন্ট্রি অসাধারণ লেগেছে।” তবে দর্শকদের কথা স্বীকার করতে নারাজ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গতকাল সিনেমা মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। দর্শকরা বলছেন ‘রাক্ষস’-এ শাকিব খানের ক্যামিও ছিল আপনি কী বলবেন— এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘সারপ্রাইজ। সারপ্রাইজ দেখার জন্য সবাইকে সিনেমা হলে আসতে হবে। আমি বলে দিলে চলবে? আমি বলে দিলে তো চলবে না।’
‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ডার্ক থ্রিলার সিনেমায় অভিনয় করলেন সিয়াম। তার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। প্রযোজনা করেছেন শেহরিন সুমি।
ইএইচ/