images

বিনোদন

প্রথম দিন কেমন গেল ঈদের সিনেমাগুলো? 

বিনোদন প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

গতকাল ২১ মার্চ রোজার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৫ সিনেমা। ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’। প্রথম দিন কতটা দর্শক সমাদর পেল ছবিগুলো– চলুন জেনে নেওয়া যাক। 

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ ঢাকা মেইলকে বলেন,‘‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’সহ সবগুলো ছবি ভালো গেছে। আশানুরূপ দর্শক পাচ্ছি। তবে এখনই কোনোটাকে এগিয়ে রাখছি না। আমরা চাই সবগুলো বাংলা সিনেমাই ভালো চলুক। তবে আফসোসের বিষয় হচ্ছে আমরা ‘প্রিন্স’ সিনেমাটি চালাতে পারছি না। শাকিব খানের দর্শকরা হতাশায় ফিরে যাচ্ছেন।’’

image

এদিকে প্রিন্সের প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টার সিনেপ্লেক্সে ৩য় বারের মতো Prince (DCP) জমা দেওয়ার পরও, তাদের সার্ভারের সাথে এখনও সঠিকভাবে ম্যাচ করছে না। ডিসিপি জমা দেওয়া হয়নি- এমন তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে তথ্যটি ভুল। ‘প্রিন্স’ টিম থেকে অনুরোধ করা হচ্ছে, এমন ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। দেশের অন্যান্য সিনেপ্লেক্সে একই ডিসিপি দিয়ে প্রিন্স সিনেমাটি চলছে, কিন্তু ব্যত্যয় ঘটছে স্টারসিনেপ্লেক্সের ক্ষেত্রেই। আশা করছি সমস্যাটি দ্রুত সমাধান হবে এবং আগামীকাল থেকেই স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবে। ধৈর্য ধরার জন্য শাকিবিয়ানসহ সকল দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের এ কর্মকর্তা বলেন, ‘শুধু আমাদের এখানে না দেশের অনেক সিনেমা হলেই ডিসিপি জটিলতার কারণে সিনেমাটি চলছে না। আমাদের এখানেও একই অবস্থা। তারা ডিসিপি দিয়েছেন। সেটা কাজ করছে কিনা সেটা তো খবর নিতে হবে। প্রযোজনা সংস্থা থেকে দায়সারা একটা বিবৃতি দিলে তো হবে না।’

যমুনা ব্লকবাস্টারের ম্যানেজার মাহবুব বলেন, ‘‘প্রথম দিন সবগুলো সিনেমাই ভালো গেছে। ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’ হাউজফুল ছিল। ‘দম’, ‘রাক্ষস’ শেষের দিকে হাউজফুল গেছে। তবে গতকাল আমাদের ডিসিপি জটিলতায় ভুগতে হয়েছে। ঈদের দিন ডিসিপি পাওয়ার ‘প্রেশার কুকারে’র শো দিতে দেরি হয়েছে। ফলে কম দর্শক পেয়েছি। তবে ছবি ভালো। আশা করি ভালো দর্শক পাব। ঈদের ৫ সিনেমা নিয়েই আমরা আশাবাদী।’’

image

ডিসিপি জটিলতা নিয়ে তিনি বলেন, ‘ডিসিপি জটিলতার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়। কেননা এতে দর্শকরা ক্ষুব্ধ হয়ে যান। দুর্ঘটনার আশঙ্কা থাকে।’

ঢাকার অদূরে কেরানিগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন,‘‘ভালো যাচ্ছে সিনেমাগুলো। সবগুলোই প্রায় হাউজফুল যাচ্ছে। শাকিব খানের ‘প্রিন্স’ এগিয়ে আছে। এরপর ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিন ‘প্রেশার কুকার’ খুব একটা ভালো যায়নি। তবে সবগুলো সিনেমাই নিয়েই আমরা আশাবাদী।’’

ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ ছবির চারটি দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতে। অন্যদিকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি (স্টার সিনেপ্লেক্স ব্যতীত) সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলছে শাকিবের ‘প্রিন্স’।

আরআর/