Dhaka Mail Logo

বিনোদন

ঈদের দিন বিছানাতে কাটাচ্ছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

২১ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

গেল অর্ধ বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা গ্রহণ করছেন ইলিয়াস কাঞ্চন। সেখানেই মেয়ের বাসায় রোজার ঈদ কাটিয়েছেন। বছরের বিশেষ দিনটা কাটছে বিছানাতেই।

অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী মে মাসের শেষ পর্যন্ত চলবে তার কেমোথেরাপি। 

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এটিকে তাঁরা টার্গেট থেরাপি বলছেন। থেরাপি শেষে ডাক্তারের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন তিনি। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’

এদিকে ইলিয়াস কাঞ্চানের দীর্ঘদিনের সহকর্মী লিটন আরশাদ বলেন, ‘কথা হয়। তিনি ভিডিও কলে কথা বলেন। দেশের খোঁজ নেন। নিসচার খবর রাখেন। তবে শরীর ও মন তার একটু দুর্বল। অনেকদিন ধরেই চলবে চিকিৎসা। পাশাপাশি তিনি ছিলেন কাজ পাগল মানুষ। ঘরবন্দী হয়ে বলা চলে অসহায় পড়েছেন। শারিরীক অবস্থাও আপ ডাউন হয়। মুডেরও পরিবর্তন হয় ঘন। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই প্রত্যাশা আমাদের।’

লিটন আরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন গিগগিরই দেশে ফিরতে চান। তবে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে কিছুদিন সময় লাগবে।