বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
বলিউডে নাম লিখিয়ে বাজিমাত করলেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। সনি লিভের ‘জ্যাজ সিটি’-তে অভিনয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বলিউডে পা রাখলেন। ১০ পর্বের সিরিজটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে অবস্থান করেছে। সনি লিভের প্রথম সিরিজ হিসেবে হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মুক্তি পাওয়া সিরিজটির পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে। জিমি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ১০ পর্বে প্রায় ১১ ঘণ্টার এই সিরিজ।
১৯৭০-৭১ দশকের পটভূমি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে আসবে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে। শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে।

এর আগে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে আরিফিন শুভ বলেছিলেন, ‘সৌমিক সেনের জ্যাজ সিটিতে কাজের জন্য অনেক দিন ধরে কলকাতায় আসা–যাওয়া হচ্ছে। মনে হলো এখানকার লোকজন আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তাই আমিও নিজেকে এক্সপ্লোর করতে চাই এখানে।’
সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৌমিক সেন। ‘জ্যাজ সিটি’ পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে তিনি অভিনয় করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’-তে।
ইএইচ/