images

বিনোদন

‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে বড় পর্দায় অভিষেক মাশার

বিনোদন ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

অভিনয়ে নাম লেখালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে গায়িকার। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন তিনি।

অডিশনের মাধ্যমে সিনেমায় কাস্ট হিসেবে মাশাকে চূড়ান্ত করেন নির্মাতা নূর। গায়িকার ভাষ্য, “তানিম ভাইয়ের নির্মাণের ভক্ত আমি। ওনার ‘উৎসব’ দেখার পর তা কয়েক গুণ বেড়ে যায়। ভাই যখন এ সিনেমার কাজ করছিলেন তখন বলেছিলাম, এ সিনেমার সদস্য হতে চাই। নেপথ্যে কাজ করতে চাই। কিন্তু ভাই বললেন, ‘না তোমাকে পর্দায় দেখতে চাই’। একটি চরিত্রে অডিশন দিতে বলল, ভিডিও পাঠালাম, ভাই চূড়ান্ত করলেন।”

image

এর আগে একাধিকবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও মাশা তা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু ‘বনলতা এক্সপ্রেস’-এর ক্ষেত্রে তার উল্টোটা ঘটেছে। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদের উপন্যাসের কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ, যে কারও কাছে অনেক বড় কিছু। এর আগে অনেকবার অভিনয়ের প্রস্তাব পেয়েছি, তবে কখনও সেভাবে তা করার মতো ভেতরে তাড়না দেয়নি। কিন্তু এবার নিজেই তানিম নূর ভাইকে বলে এ সিনেমায় যুক্ত হয়েছি।’

তারকাাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ দেখা যাবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, এ কে আজাদ সেতু প্রমুখকে।

সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ; সহপ্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওজ, সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশনস।

ইএইচ/