বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:০৫ এএম
সড়ক দুর্ঘটনায় আহত ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী ও জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত বৃহস্পতিবার আইসিইউ থেকে কেবিনে দেওয়ার পর তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন অনুরাগের ম্যানেজার রোহিত পাণ্ডে।
শনিবার ভোরে সামাজিক মাধ্যমে এক পোস্টে ম্যানেজার লিখেছেন, “আজ সকাল (শনিবার) পর্যন্ত অনুরাগ ভাইয়ের অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু দুর্ঘটনার সময় তাঁর ফুসফুস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁর শরীরে নিউমোনিয়া ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সবাইকে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) অনুরাগকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছিল। সেই সময় রোহিত একটি পোস্ট শেয়ার করেন। সেখানে সেলফিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখে ‘পিস’ চিহ্ন দেখাচ্ছেন ইউটিউবার। ছবির ক্যাপশনে রোহিত লিখেছিলেন, ‘অনুরাগ ভাই আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন। আমরা ২৪ ঘণ্টা তাঁর পাশে আছি। তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।’
দুর্ঘটনার কয়েক দিন আগে একটি ভিডিও প্রকাশ করে নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অনুরাগ। ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ের কারণে পারিবারিকভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছিলেন তিনি। আবেগঘন সেই ভিডিওকে নিজের শেষ ভিডিও বলেও উল্লেখ করেন। তিনি জানান, তাঁর বা তাঁর ভাই কালাম ইঙ্কের যদি কিছু হয়, তবে তার জন্য তাঁদের বাবা-মা ও ভাই দায়ী থাকবেন।
ইএইচ/