সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদে জি সিরিজে নাটকের উৎসব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

ঈদে জি সিরিজে নাটকের উৎসব

পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’-তে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। একই পরিচালকের ‘চাওয়া পাওয়া’-তে আছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী, আর ‘সাত দিন’-এ শরাফ আহমেদ জীবন ও রিয়া ঘোষ। স্যামুয়েল হকের গল্পে নির্মিত পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’-তে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। গল্প ও আবেগের মেলবন্ধনে নাটকটি দর্শকের মনে আলাদা ছাপ ফেলবে বলেই আশা করছেন নির্মাতারা।

ঈদের এই আয়োজনে বিশেষভাবে চোখে পড়ছে মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে তার সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। শিরোনাম থেকেই কৌতুক ও সামাজিক ব্যঙ্গের আভাস মিলছে। একই নির্মাতার ‘ফুটানি বাবু’-তেও দেখা যাবে এই জুটিকে। এছাড়া মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস পরিচালিত ‘তুই’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তাসনুভা তিশা। আর আসাদুজ্জামান আসাদ পরিচালিত ‘চেয়ারম্যানের বিয়ে’-তে তার বিপরীতে রয়েছেন হিমি। ভিন্ন ভিন্ন ধরনের গল্পে মোশাররফ করিমের উপস্থিতি এবারের ঈদ নাটকে বাড়তি আগ্রহ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


একইভাবে সুব্রত কুমার সঞ্জীবও থাকছেন একাধিক নাটক নিয়ে। অ্যাকশনধর্মী বিগ বাজেটের ‘লেলিন’ নাটকে আছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। নামের ভিন্নতার মতো গল্পেও নতুনত্বের প্রত্যাশা করছেন দর্শকরা। একই নির্মাতার মুশফিক আর ফারহান ও মারিয়া মেহনতি অভিনীত‘বোবা কান্না’শিরোনামটি নিঃশব্দ বেদনা ও অন্তর্গত যন্ত্রণার এক আবেগী কাহিনির ইশারা দেয়। পাশাপাশি খায়রুল বাসার ও সাফা কবিরের ‘ফড়িয়া’ নাটকটিও বেশ আলোড়ন ফেলবে বলে ধারণা করছেন সুব্রত কুমার সঞ্জীব।

অন্যদিকে, ফরহাদ আহমেদ ইশান পরিচালিত ‘বাতাসের ফুল’-এ থাকছেন জোভান ও কেয়া পায়েল। নাটকটির নামের মধ্যে এক ধরনের কাব্যিকতা আছে, যা প্রেম, স্মৃতি কিংবা ভঙ্গুর সম্পর্কের গল্পকে সামনে আনতে পারে। এই নাটকের একটি বিহাইন্ড দ্য সিন ক্লিপ চারিদিকে এখন ভাইরাল! মারুফ হোসাইন সজীব পরিচালিত ‘জোড়া শালিকের ঘর’-এ আছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। শিরোনাম শুনলেই ঘর, সংসার ও জুটির সম্পর্কঘন গল্পের প্রত্যাশা তৈরি হয়।

জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা এবার প্রথবারের মতো অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনার দায়িত্বও নিয়েছেন। তার পরিচালিত ‘কাবজাব’নাটকে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরও অনেক পরিচিত মুখ। নাটকটির নামের মধ্যেই রয়েছে ব্যতিক্রমী টান, যা কমেডি বা ব্যঙ্গধর্মী গল্পের ইঙ্গিত দিচ্ছে। তরুণদের মাঝে নিঃসন্দেহে নাটকটি  বিনোদনের খোরাক হবে বলে আশা রাখছেন শিমুল শর্মা।
সাইদুর ইমন পরিচালিত ‘সে কি আসবে না?’ নাটকে আছেন ইয়াশ রোহান, আইশা খান ও নাজিবা বাসার। অপেক্ষা, অনিশ্চয়তা ও সম্পর্কের অপূর্ণতার গল্প হতে পারে এটি।
 

সব মিলিয়ে এবারের ঈদে জি সিরিজের ব্যানারে নির্মিত নাটকগুলোতে গল্পের বৈচিত্র্যই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তারকাবহুল শিল্পীর পাশাপাশি নির্মাতারা বিভিন্ন স্বাদের গল্প দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন। সেই দিক থেকে বলা যায়, ঈদের ছুটিতে নাটকপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ব্যস্ত ও উপভোগ্য এক নাট্যআয়োজন। ঈদ হয়ে উঠবে আনন্দঘন উৎসব। প্রিয়জনদের সাথে নিয়ে ব্যস্ত জীবনের কোলাহলের ফাঁকে স্বস্তি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর