images

বিনোদন

শাকিব খানের তিন সিনেমা আসছে ঈদে 

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

আসছে রোজার ঈদে মাছরাঙা টেলিভিশনের সাত দিনের বিশেষ আয়োজনে থাকছে সাতটি জনপ্রিয় সিনেমা। যার মধ্যে তানিম নূর পরিচালিত‘উৎসব’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ প্রথমবারের মতো টিভি পর্দায় আসছে। 

‘উৎসব’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২:২০ মিনিটে। গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। 

Jongli_(3)

‘কাজলরেখা’প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২:২০ মিনিটে। ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। কঙ্কণদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ। 

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২:২০ মিনিটে প্রচারিত হবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। ঈদের চতুর্থ দিন থাকছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। এতে অভিনয় করেছেন সিয়াম, বুবলী, দীঘি প্রমুখ। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২:২০ মিনিটে। এ ছবির নায়ক শাকিব খান। নায়িকা মিমি চক্রবর্তী ও নাবিলা। 

Dorod_(2)

ঈদের ষষ্ঠ দিন দুপুর ২:২০ মিনিটে থাকছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ প্রমুখ। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন। এ ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও সোনাল চৌহান।