images

বিনোদন

ইকরার মৃত্যু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

বিনোদন ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। সেখানে অংশগ্রহণকারীরা আলভী ও তিথিকে বয়কটের ডাক দেন। 

বুধবার দুপুরে (৪ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবী, পরিবারের সদস্যসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, ‘যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে। ওঁর ফোনে প্রচুর এভিডেন্স আছে। আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে। সেটি দিয়ে পুলিশ চাইলে ফোন খুলে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে।’

তিনি যোগ করেন, ‘তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?’

মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘যখন আমাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় তখন তিথির বিষয়টি সেভাবে আসেনি। কারণ, মৃত্যুর সংবাদ শুনেই আমাদের সব এলোমেলো হয়ে যায়। আলভীর সঙ্গে তিথির বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা চাই বিষয়টি যেন ধামাচাপা না দেওয়া হয়।’

ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। 

ইএইচ/