images

বিনোদন

জাহের আলভীর অবস্থান সম্পর্কে যা বললেন তিথি

বিনোদন ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার দায়ে অভিযুক্ত জাহের আলভী আসলে কোথায় রয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যম দাবি করে, আলভী নেপাল থেকে দেশে ফিরেছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া করে দেশের ভেতরে কোথাও গা ঢাকা দিয়েছেন।

অভিনেতার দেশে ফেরার খবর চাউর হওয়ার কয়েক ঘণ্টা পর ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আলভী। সেখানে তিনি দাবি করেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই তাঁকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় তিনি দেশে ফেরেননি।

নেপাল থেকে দেশে ফেরার ঘটনায় সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং আলভীর বক্তব্য পরস্পরবিরোধী হওয়ায় জনমনে তৈরি হয় ধোঁয়াশা। সবার মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, তাহলে তিনি কোথায় অবস্থান করছেন? এ প্রসঙ্গে গণমাধ্যমকে আলোচিত অভিনেত্রী তিথি বলেন, ‘আলভী এখন কোথায় আছে সেটা আমি সঠিক জানি না। নেপাল বিমানবন্দরে আমাদের শেষ কথা হয়েছিল। সেখান থেকে বিদায় নিয়ে বের হয়ে এসেছি।’

এদিকে পল্লবী থানার ওসি একেএম আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নাটকের শুটিং টিম ঢাকায় এসেছে। আলভীর পরকীয়া প্রেমিকা (ইফফাত আরা তিথি) ঢাকায় এসেছেন, কিন্তু তিনি আসামি নন। এই মামলার আসামি আলভী এবং তাঁর মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে খোঁজখবর নিয়েছে, তাঁরা দেশে আসেননি।’

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। পরদিন ১ মার্চ তাঁর মামা বাদী হয়ে জাহের আলভী ও তাঁর মায়ের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। মামলায় প্রধান আসামি আলভী।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। 

ইএইচ/