images

বিনোদন

শাকিবের সিনেমা দিয়ে চালু হচ্ছে পাঁচ মাস বন্ধ থাকা হল

বিনোদন ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স ‘মধুবন’বন্ধ ঘোষণার পাঁচ মাসের মাথায় সুখবর দিল হল কর্তৃপক্ষ। শাকিব খানের রোজার ঈদে সিনেমা ‘প্রিন্স’-এর হাত ধরে আবারও চালু হতে যাচ্ছে হলটি। এমনটি জানিয়েছেন ‘মধুবন’ সিনেপ্লেক্সের কর্ণধর আর এম ইউনুস রুবেল। 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সরকারের সহযোগিতা ও বিদেশি চলচ্চিত্র আমদানির সুযোগ থাকলে প্রতিষ্ঠানটি টিকে থাকবে। ব্যবসার মধ্যে রাজনৈতিক জটিলতা না মেশানোই উচিত। আশা করি সামনের দিনগুলোতে সুন্দর পরিবেশ বজায় থাকবে।’

অর্ধ শত বছরেরও আগে হলটি প্রতিষ্ঠা করেছিলে ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এ এম ইউনুস। জানা গেছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল। 

সিনেপ্লেক্সটির পরিচালক এস এম ইউনুস রোহান গণমাধ্যমকে বলেন, ‘কর্মীদের কর্মসংস্থান ও দর্শকদের চাহিদা মাথায় রেখেই নতুনভাবে পথচলা শুরু করা হচ্ছে। খুব ভালো লাগছে আবারও সিনেপ্লেক্সটি চালু করতে পেরে। এই হলটি বগুড়া তো বটেই, সারা দেশের সিনেমার ব্যবসার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।’ 

গত বছরের ১৮ সেপ্টেম্বর ‘মধুবন’ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। গত পাঁচ মাস ধরে এটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই সময় হল কর্তৃপক্ষ জানায়, সিনেমা সংকট এবং ক্রমাগত লোকসানের ফলে বন্ধের ঘোষণা দেন। 

ইএইচ/