বিনোদন ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১১:৩২ এএম
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও ফ্যাশন আইকন অ্যানাবেল স্কোফিল্ড। গত ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যানাবেল যখন মডেলিং ক্যারিয়ারে তুঙ্গে সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই ‘ডালাস প্রাইমটাইম’ ধারাবাহিকের ১২টি পর্বে লরেল এলিসের চরিত্রে অভিনয় করার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। কিংবদন্তি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিসের চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন অ্যানাবেল।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনার্ড’ ও ‘আই অফ দ্য উইডো’। পরবর্তীতে ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অব এম্বার’র প্রযোজনা ভূমিকায় ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।
১৯৮০-এর দশকে লন্ডনের ফ্যাশন জগতে এক আধিপত্য ছিল অ্যানাবেলের। ওই সময় অ্যানাবেল লন্ডনের টেক টু এজেন্সির মাধ্যমে প্রতিনিধিত্ব করেছিলেন এবং শত শত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে থেকেছেন। ইভস সেন্ট লরেন্ট, রিমেল, রেভলন ও বুটস নং ৭-এর জন্য প্রচ্ছদ ডিজাইনার এবং ব্র্যান্ড প্রোমোশনে অভিনয় করেছেন।
১৯৬৩ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন অ্যানাবেল। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আশপাশে বেড়ে উঠেছেন। তার বাবা জন ডি. স্কোফিল্ড ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নির্বাহী কর্মকর্তা।
ইএইচ/