জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় হওয়া মামলায় দেশে ফিরলেই গ্রেফতার হবেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। বর্তমানে তিনি নেপালে রেয়ছেন। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর হোসেন।
এদিকে কয়েকটি গণমাধ্যম দাবি করছে, নেপাল থেকে রোববার (১ মার্চ) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলভী। এরপর বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন। কয়েক ঘণ্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি দেশে আত্মগোপনে রয়েছেন।
এ সম্পর্কে জানতে চাইলে ওসি একেএম আলমগীর হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে যতদূর জানতে পেরেছি, জাহের আলভী দেশে ফেরেননি। তার পাসপোর্টের তথ্য দিয়ে আমরা বিষয়টি যাচাই করেছি। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে।’
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ইকরার স্বামী অভিনেতা জাহের আলভী ছিলেন নেপালে। সঙ্গে তার পরকীয়া প্রেমিকা অভিনেত্রী তিথিও ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় রোববার (১ মার্চ) আলভীকে প্রধান আসামি করে একটি মামলা করেন নিহত ইকরার বাবা। মেয়েকে প্ররোচিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। মামলায় আলভীর মা এবং পরকীয়া প্রেমিকা তিথিকেও আসামি করা হয়েছে।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, ইকরার আত্মহত্যার ঘটনায় আসামিদের প্ররোচনা ছিল কি না, সেটিসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই আজিম আহমেদ জানিয়েছেন, তারা মামলার আলামত সংগ্রহ করেছেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে পারেননি।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর গোপন থাকার পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু শিশুটিকে এতিম করে চলে গেলেন তার মা।
এদিকে ইকরার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়, যেখানে তিনি স্বামী আলভীর বিরুদ্ধে সহ-অভিনেত্রী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন। গোটা ঘটনা নিয়ে শোবিজাঙ্গণ এখন তোলপাড়।
এমআইকে/এএইচ