বিনোদন ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় নানা জল্পনা ডালপালা মেলছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতার স্ত্রীকে।
ইকরার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে আলভী তার এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যজনক ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও মজবুত করে তুলেছে।
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বেশ কিছুদিন শোবিজ পাড়ায় কানাঘুষা চলছিল, ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর প্রেমের সম্পর্কের কথা। তিথির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরে অভিনেতার স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মৃত্যুর ঠিক আগের দিন করা আলভীর একটি ফেসবুক পোস্ট।
গত শুক্রবার তিথির জন্মদিন উপলক্ষ্যে আলভী তার ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসিমুখে দেখা যায়। ক্যাপশনে আলভী লেখেন, ‘শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেকদূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও।’ এছাড়াও গুঞ্জন রটেছে, নেপালে শুটিং সফরে আলভীর সঙ্গে রয়েছে তিথি।
জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, জানা গেল কারণ
ইকরার মৃত্যুর একদিন আগে স্বামী-স্ত্রীর ফেসবুক প্রোফাইলে করা দুটি রহস্যময় পোস্টে ঘিরেও চলছে না আলোচনা। শুক্রবার আলভী পোস্টে লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’
এদিকে অভিনেতার স্ত্রী এক পোস্টে লেখেন, ‘কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।’
ইকরার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য জানা যাবে।
ইএইচ/