বিনোদন ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১১:০২ এএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তুরস্কের ইস্তাম্বুলে আটকা পড়েছিলেন তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে নিজের পাসপোর্টের একটি ছবি ভাগ করে খবরটি নিশ্চিত করেন এই অভিনেত্রী।
ফারিয়া জানান, গতকাল শনিবার তুরস্কের রাজধানী ইস্তানবুল থেকে দুবাই যাওয়া কথা ছিল। কিন্তু ঘুমের ঘোর কাটতে তিনি জানতে পারেন যুদ্ধের কারণে ইউএই-এর আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিনেত্রী লেখেন, ‘আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে। এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।’

তিনি যোগ করেন, ‘চলমান পরিস্থিতির মধ্যেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তাম্বুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।’
সবশেষে তিনি লেখেন, ‘এখন প্লেনে বসে ঢাকায় ফিরছি। মনটা ভারী, কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই পৃথিবীটা যেন একটু শান্ত হোক।’
নুসরাত ফারিয়ার পোস্টে ভক্ত ও অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিরাপদে দেশে ফিরছেন জেনে কেউ কেউ স্বস্তি প্রকাশ করেছেন।
ইএইচ/