বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
গেল বছরের আগস্টে বাগদান সারেন টেইলর সুইফট। এবার জানালেন বিয়ের দিনক্ষণ। আগামী ১৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ মার্কিন পপতারকা টেইলর সুইফট। দীর্ঘদিনের প্রেমিক এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ওশান হাউস-এ অনুষ্ঠিত হবে এই তারকা বিয়ে। বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।
জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যেই বিয়ের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরই মধ্যে রিসোর্টটিতে বুকিংয়ের চাপ বেড়েছে এবং কক্ষভাড়াও দ্রুত ঊর্ধ্বমুখী।

শোনা যাচ্ছে, ১৩ সংখ্যাটি টেইলর সুইফটের জীবনে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। এটি তার সৌভাগ্যের সংখ্যা হিসেবেই পরিচিত। তাই প্রতীকী ও আবেগঘন অর্থ বিবেচনা করেই এই তারিখটি বেছে নিয়েছেন টেইলর–ট্রাভিস। তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হোক শুভ ও স্মরণীয়—এমন ভাবনাই নাকি কাজ করেছে এই সিদ্ধান্তে।
যদিও এখনও পূর্ণাঙ্গ অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে হলিউড ও ক্রীড়াজগতের বহু বড় নামের উপস্থিতি প্রত্যাশিত। গণমাধ্যম নিশ্চিত করেছে, জনপ্রিয় টক শো হোস্ট গ্রাহাম নর্টন-ও এই রূপকথার বিয়ের আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকছেন।
২০২৩ সালে প্রথমবার জুটি হিসেবে আলোচনায় আসেন সুইফট–কেলসি। ‘নিউ হাইটস’ পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসি।

এর পর ওই বছরের সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসির খেলার মাঠে, যেখানে তিনি কেলস্যার মায়ের পাশে বসেছিলেন। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক।