বিনোদন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক (মরণোত্তর) দেওয়া হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
পদক গ্রহণের পর আবেগাপ্লুত চন্দনা জানান, আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে তিনি অনেক বেশি খুশি হতেন। পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপে কী কথা হয়েছেন— এমন প্রশ্নের জবাবে গায়কের স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি বললাম, আইয়ুব বাচ্চু আপনাকে পছন্দ করতেন। তখন প্রধানমন্ত্রী বললেন, আমিও তাঁর ভক্ত—তাঁর গান আমার পছন্দের।’

চন্দনা জানিয়েছেন, জীবদ্দশায় আইয়ুব বাচ্চু বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কারণে তারেক রহমানের সঙ্গে তাঁর পরিচয় ছিল।
২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তরা হলেন- জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
ইএইচ/