images

বিনোদন

আজান দিতে মসজিদের সামনে বসে থাকতাম: তাবাসসুম ছোঁয়া 

রাফিউজ্জামান রাফি

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

ফেলে আসা শৈশবের কিছু গল্প থাকে রমজানের ঘ্রাণমাখা। সেহেরি দিয়ে শুরু হতো। ক্লান্ত শরীর টেনে ইফতারের টেবিলে বসার মধ্য দিয়ে হতো শেষ। এরমধ্যে এমন কিছু ঘটনা ঘটত যা মনে রাখার মতো। বছর ঘুরে পবিত্র এই মাসটি ফিরে আসার সময় সঙ্গে করে নিয়ে আসে সেসব। 

ঢাকা মেইলের কাছে শৈশবের রোজা নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। কেমন ছিল শৈশবের রমজান— জানতে চাইলে শুরুতেই শোনালেন দিনের শেষভাগে ক্ষুধায় কাতর হওয়ার গল্প। 

choya

তিনি বলেন, ‘রোজার দিনে মসজিদের সামনে আজান দিতে বসে থাকতাম। কান্না করতাম। কখন আজান দেবে আর আমি পানি মুখে দেব! আমার এই গল্প পরিচিতরা অনেকেই জানেন।’ 

আজকাল ইফতারের টেবিলে হরেক রকম খাবার জায়গা করে নিয়েছে। কিন্তু মানুষের মন এখনও পড়ে আছে মুড়ি-ছোলা-জিলাপি অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রচলিত খাবারগুলোতে। ছোঁয়াও ব্যতিক্রম নন। তিনি বলেন, ‘আমি প্রচুর ইফতার খাই। মুড়ির সঙ্গে জিলাপি, ছোলা, বুন্দিয়া— যা যা আছে সব মিলিয়ে খেতে খুব পছন্দ আমার। যদিও এজন্য আমাকে অনেকে খোঁচা দেয়। কিন্তু আমার তাতে এসে যায় না।’

605545456_1331296339044778_7399853969368471548_n

‘দেনা পাওনা’র নিপা বলেন, ‘মা ছোটবেলায় শেখাতেন— রোজায় রাখলে অনাহারী-গরিব-দুঃখীদের কষ্ট অনুভব করা যায়। তাই রোজা রাখার চেষ্টা থাকত। তবে আমাকে রোজা নিয়ে কোনো চাপ দিত না। রোজা থাকা বা না থাকা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করত।’

প্রচারিত হচ্ছে ছোঁয়া অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’। এর বাইরেও টিভিসি ও খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন এ অভিনেত্রী।