Dhaka Mail Logo

বিনোদন

অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবার।  

ডুভালের স্ত্রী লুসিয়ানা ডুভাল এক আবেগঘন পোস্টে লেখেন, ‘বিশ্বের কাছে তিনি ছিলেন একাডেমি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, পরিচালক ও গল্পকার। কিন্তু আমার কাছে তিনি ছিলেন সবকিছু। তাঁর শিল্পের প্রতি আবেগ যেমন গভীর ছিল, তেমনি তিনি ভালোবাসতেন তাঁর চরিত্রগুলোকে। এমনকি বাহারি স্বাদের খাবার এবং প্রিয়জনদের সঙ্গে আড্ডা দিতেও ভালোবাসাতেন।’

240814_Duvall_Reupload

১৯৬২ সালে ‘টু কিল আ মকিংবার্ড’ ছবিতে বু র‍্যাডলির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক স্মরণীয় চরিত্র তাঁকে এনে দেয় সাতটি অস্কার মনোনয়ন এবং ‘Tender Mercies’-এর জন্য সেরা অভিনেতার অস্কার।  

তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ফ্রান্সিস ফোর্ড কোপোলার ‘দ্য গডফাদার’ সিনেমা। এই ছবিতে তিনি কর্লিয়নি পরিবারের ধীরস্থির উপদেষ্টা টম হেগেনের চরিত্রে অভিনয় করেন। এরপর ‘অ্যাপোক্যালিপস নাউ’ সিনেমায় লেফটেন্যান্ট কর্নেল বিল কিলগোর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে এখনও তাজা। ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ সিনেমায় গায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পান। 

দীর্ঘ ক্যারিয়ার সম্পর্কে এক সাক্ষাৎকারে ডুভাল বলেছিলেন, ‘যদি নিজেকে অতিরিক্ত ক্লান্ত না করেন এবং কাজের প্রতি ক্ষুধা বজায় রাখেন তবে বহু বছর ধরেও অভিনয়কে সতেজ রাখা যায়।’  

ইএইচ/