Dhaka Mail Logo

বিনোদন

‘বোরকা’ আমার কাছে স্রেফ একটি পোশাক, এর বেশি কিছু নয়: বাঁধন 

বিনোদন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক পোস্টে দেশের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পাশি সমালোচকদের এক হাত নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি বোরকা পরিহিত এবং একটি শাড়ি পরিহিত ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশি হিসেবে আমাদের সবার জন্য এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। সাবাস বাংলাদেশ! এক নির্ঘুম উৎকণ্ঠার রাত পেরিয়ে চমৎকার, স্বস্তিময় এক সকাল এটি। আজ সৃষ্টিকর্তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা।’

image

বাঁধন যোগ করেন, ‘এই ছবিটি তাদের জন্য উৎসর্গ করছি, যারা আমাকে একসময় বিদ্রূপ করে ‘বোরকা’ কেনার পরামর্শ দিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, শৈশব থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি স্রেফ একটি পোশাক—এর বেশি কিছু নয়। কখনও এটি ঘরোয়া পোশাক বা অগোছালো চুল ঢেকে রাখা কিংবা ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার জন্য খুব কাজের, এটুকুই। যারা ট্রল বা সমালোচনা করেছেন তাদের জন্যও এটি কড়া জবাব।’

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি তাদের বলব—এই অভিজ্ঞতা নিজেই একটি বড় জয়। এটি আমাদের দেশ। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা আর একতা বজায় রেখে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি আমার দেশকে মনেপ্রাণে ভালোবাসি।’

image

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। 

ইএইচ/