বিনোদন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। তাকে ঘিরে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ও ভিডিও সয়লাব সোশ্যাল মিডিয়া। কার্ডটিতে দাবি করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন শাকিব।
কার্ডের সঙ্গে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়েছে। লিংকে ক্লিক করলে দেখা যায় জামায়াতের আমির ভাষণ দিচ্ছেন। তার পাশেই দাঁড়িয়ে আছেন ঢালিউড মেগাস্টার। ভিডিওতে শাকিবকে ছাড়াও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিবের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।
শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এই ভিডিও বা কার্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাশাপাশি ওই সূত্র গণমাধ্যমকে জানায়, তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণাতেই প্রত্যাক্ষ বা পরক্ষোভাবে অংশ নেননি।
শাকিব তার নতুন সিনেমা ‘প্রিন্স’শুটিংয়ের জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
ইএইচ/