বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
প্রথমবারের মতো ব্যান্ড দল হিসেবে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। ২০২৬ সালের জন্য ব্যান্ড মিউজিকে বিভাগে ব্যান্ডটির নাম ঘোষণা করা হয়েছে।
একুশের পদক প্রাপ্তি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘ওয়ারফেজ’ এক বিবৃতিতে জানিয়েছে, “মিরপুর স্টেডিয়ামে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ওঠার ঠিক ৪ মিনিট আগে ওয়ারফেজের সদস্যরা একুশে পদকের বিষয়টি জানতে পারেন। খবরটি পাওয়ার পরপরই ব্যান্ডের সদস্যরা পরস্পরকে জড়িয়ে ধরেন। কয়েক দশকের সংগীত সাধনার পর রাষ্ট্রীয় স্বীকৃতির খবরটি ছিল স্বপ্নের মতো।”
‘ওয়ারফেজ’ আরও জানায়, একুশে পদক কেবল একটি মাইলফলক নয়, বরং পুরো বাংলা ব্যান্ড সংগীত ও ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল বিজয়। বিবৃতিতে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এই ঐতিহাসিক অর্জনে অত্যন্ত গর্বিত। ওয়ারফেজের সব প্রাক্তন সদস্য, আমাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’
সবশেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা হয়েছে, ‘আমাদের সংগীতকে ভালোবাসার জন্য এবং একুশ পদক অর্জনের যোগ্য করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
ইএইচ/