images

বিনোদন

স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, লাইভে কাঁদলেন জনপ্রিয় ইউটিউবার

বিনোদন ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

ফের বিতর্কের ঝোড় তুললেন ভারতের ‘বড়া পাও গার্ল’ খ্যাত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার চন্দ্রিকা দীক্ষিত। তবে এবার কোনো ব্যবসায়িক বিবাদ নয়, বরং স্বামী যুগম গেরার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন প্রকাশ্যে আনলেন তিনি। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে চন্দ্রিকা দাবি করেন, গত দুই মাস ধরে তিনি অসহ্য যন্ত্রণা সহ্য করছেন। স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি শুধু আমাদের ঝগড়া আর তর্ক দেখাচ্ছ। কিন্তু গত দুই মাস আমি কী সহ্য করছি, তা কেউ জানে না। আমি একা কাজ করছি, সন্তান সামলাচ্ছি, সংসার চালাচ্ছি। আর তুমি হঠাৎ কাউকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নিলে কেন?’

ভিডিওতে স্বামী ও অন্য এক নারীর ছবি দেখিয়ে তিনি বলেন, ‘ছবির থেকেও ভয়ংকর কিছু রয়েছে যা আমার হৃদয়কে ছিঁড়ে দিচ্ছে। আমি কাজ করতে পারছি না। কিছুই করতে পারছি না। কেন আমার সঙ্গে এটা করা হল?’

চন্দ্রিকার অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে তার স্বামী যুগম গেরাও একটি ভিডিও বার্তা শেয়ার করেন। ভিডিওতে নিজের ভুল স্বীকার করলেও পুরো বিষয়টিকে অতিরঞ্জিত বলে দাবি করেন তিনি। যুগম বলেন, ‘তুমি যা দেখানোর দেখিয়েছ। ভুল আমার, সেটা মানছি। কিন্তু বিষয়টাকে যতটা বড় করা হচ্ছে, ততটা নয়।’  

ভিডিওতে চন্দ্রিকাকে হুঁশিয়ারি দিয়ে যুগম বলেন, ‘মনে রেখো, আজ তুমি যে রেস্তোরাঁ চালাচ্ছ, তার পেছনেও আমার অবদান রয়েছে।‘ ভিডিওর ক্যাপশনে তিনি আরও কড়া ভাষায় লেখেন, ‘তোমাকে আমিই তৈরি করেছি, এটা মনে রেখো।’

উল্লেখ্য, দিল্লির সৈনিক বিহারে রাস্তার ধারে বড়া পাও বিক্রি করে রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়েছিলেন চন্দ্রিকা দীক্ষিত।  

ইএইচ/