বিনোদন প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
গতকাল ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর বিজয়ীদের নাম। ২৮ টি বিভাগের আটটিতেই পুরস্কার ঘরে তুলে নিয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। ছবির পরিচালক রায়হান রাফী হয়েছেন শ্রেষ্ঠ সংলাপ রচিয়তা।
অনেক গুণে গুণান্বিত হলেও রায়হান রাফী মূলত পরিচালক হিসেবে পরিচিত। শ্রেষ্ঠ নির্মাতার তালিকায় নাম না থাকায় কী আক্ষেপ রয়ে গেল– জানতে চাইলে ঢাকা মেইলকে রাফী বলেন, ‘‘না, কোনো ধরনের আক্ষেপ কাজ করছে না। কেননা এটা সর্বোচ্চ স্বীকৃতি। আর সংলাপ লিখতে আমি খুব এনজয় করি। আমি অনেক কিছু করি। আমার সিনেমার গল্প লিখি, সংলাপ রচনা করি, স্ক্রিন প্লে করি। এবার সংলাপ রচিয়তা হিসেবে পেয়েছি। সামনেবার হয়তো স্ক্রিন প্লের জন্য পাব। আরেকটা বিষয় হচ্ছে আমার খুব বেশি চাওয়া নেই। তাছাড়া ‘সুড়ঙ্গ’কে দর্শক যে ভালোবাসা দিয়েছেন আমি তাতে মুগ্ধ।’’
এ নির্মাতার কথায় ‘‘সুড়ঙ্গ’ সিনেমাটি আট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। ২০২২ সালে আমার সিনেমা ‘পরাণ’ সেরা চলচ্চিত্র হয়েছিল। আশা করি সামনে বার হয়তো ‘তুফান’ পাবে।’’
‘সুড়ঙ্গ’ সিনেমার মাসুদ (আফরান নিশো) পেশায় একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। সে তার স্ত্রী ময়নাকে (তমা মির্জা) ভীষণ ভালোবাসে। কিন্তু দারিদ্র্য এবং লোভের কারণে সরল-সোজা মাসুদ অন্ধকারের পথে পা বাড়ায়। ব্যাংক থেকে টাকা চুরির জন্য আস্ত একটি সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।
নিশো-তমা ছাড়াও এ সিনেয়ায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারী। এছাড়াও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ‘কলিজা আর জান’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায়।
আরআর/