images

বিনোদন

হাঁটতে পারছেন না হৃতিক রোশন

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

সম্প্রতি একটি পার্টি ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায় বলিউড হার্টথ্রব নায়ক হৃতিক রোশনকে। ওই ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেতার অসুস্থতার খবরে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। কেমন আছেন প্রিয় অভিনেতা? জানতে উদগ্রীব তারা। 

অবশেষে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন হৃতিক রোশন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দুই দিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে। বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।’

অভিনেতা আরও লিখেছেন, “অনেক সময় আমার জিভ কোনো শব্দ বলতে চায় না। একদিন শুটিং সেটে ‘ডিনার’ শব্দটা বলতেই পারছিলাম না। অথচ সংলাপ ছিল। কিন্তু আমার জিভ তখন ‘ডিনার’ বন্ধ করে দিয়েছে। ফলে বারবার সবাইকে ‘লাঞ্চ’-এর দাওয়াত দিয়ে যাচ্ছিলাম। সৌভাগ্যবশত, ‘লাঞ্চ’ তখনও অন ছিল। এই পরিস্থিতিতে আমার সহকারীরা যেভাবে সাহায্য করেছে তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।”

গত সপ্তাহে নির্মাতা গোল্ডি বেহেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে ক্রাচের সহায়তা নিয়েছেন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি বাম হাঁটুতে চোটে পেয়েছেন। অনুষ্ঠান হাঁটতে বেশ বেগ পেতে হয়েছে তা স্পষ্ট। বর্তমানে তিনি বিশ্রামে আছেন।

হৃতিক রোশনকে সর্বশেষ দেখা গেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল আলোচিত ‘ওয়ার ২’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, জুনিয়র এনটিআর, আশুতোষ রানা, অনিল কাপুর, ববি দেওল। 

ইএইচ/