বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
আবাসিক ভবন লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার বলিউড সিনে সমালোচক ও অভিনেতা কমল আর খান। গতকাল শুক্রবার রাতে মুম্বাই পুলিশ হাতকড়া পরায় তার হাতে। নিয়ে যায় ওশিওয়ারা থানায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গেল ১৮ জানুয়ারি ওশিওয়ারার আবাসনে মোট দুই রাউন্ড গুলি চলে। নালন্দা সোসাইটি দুই তলা ও চারতলায় দুটি গুলির খোসা পাওয়া যায়। দোতলায় লেখক-পরিচালক নীরজ কুমার মিশ্রের বাস। চারতলায় থাকেন মডেল প্রতীক বেদ।
এ ঘটনার পর অভিযোগ দায়ের করা হয় থানায়। তদন্তে নামে পুলিশ। এতে বেরিয়ে আসে কে আর খানের নাম। অভিনেতাকে তার স্টুডিও থেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন কে আর। তার দাবি, বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত। কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তার। বন্দুক পরিষ্কারের পর তিনি পরীক্ষা করছিলেন। সে কারণে নাকি ম্যানগ্রোভ অরণ্যের দিকে তাক করে গুলি চালান কমল। আর সেই সময় তীব্র বেগে হাওয়া বইছিল। তার ফলে গুলি আবাসনের দেওয়ালে লাগে।
কমলের মন্তব্য সঠিক কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এরইমধ্যে তার অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে তারা।