Dhaka Mail Logo

বিনোদন

নির্বাচন করছেন না হিরো আলম, নেপথ্যে যে ৩ কারণ

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

নির্বাচনে অংশ নিচ্ছেন না কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সংবাদমাধ্যমকে জানান, তিনটি বিশেষ কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।

হিরো আলম বলেন, ‘কিছু লোক বলে, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। সেটা মাথায় রেখেই নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না আমি।’

এরপর হিরো বলেন, ‘অনেক কারণ আছে। শিক্ষাগত যোগ্যতা নেই, সেটা একটা। দ্বিতীয় কারণ হচ্ছে, নির্বাচন করতে অনেক টাকা-পয়সা প্রয়োজন। আমার এখন আর এত টাকা-পয়সা নেই। এতদিন যা ছিল, সেগুলো দিয়ে করেছি। তবে নির্বাচন না করলেও আমি সাধারণ জনগণের পাশে থাকব।’ 

নির্বাচনে না দাঁড়ানোর তৃতীয় কারণ হিসেবে আলম দায়ী করছেন নির্বাচনের পরিবেশকে। তিনি বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছেন, তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যাকে খুশি তাকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে তাদের, সেই প্রত্যাশা রাখছি।’

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। ‘আমজনতা’ দল থেকে নিয়েছিলেন মনোনয়নপত্র। কিন্তু নির্ধারিত সময়ে মনোনয়নপ্ত্র জমা দিতে না নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান। 

যদিও গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটেছে। হিরো আলমের মনোনয়নপত্র জমাদানে বাঁধা কেটেছে। তবুও ভোটে অংশ নেবেন না বলে জানালেন হিরো আলম।