বিনোদন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ। ঘটনাটি সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।
জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। নেটিজেনরা মুণ্ডপাত করছেন তার। বিষয়টি নাড়িয়ে দিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। সামাজিক মাধ্যমে জানিয়েছেন খবরটি দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না তিনি।
কুকুরছানাগুলোর হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে অভিনেতা নিলয় আলমগীর একটি পোস্ট দেন নিজের ফেসবুকে। ওই পোস্টের মন্তব্যের ঘরে তৌসিফ লেখেন, সকালে নিউজটা দেখার পর থেকে এখনও নরমাল হতে পারছি না।
ওই পোস্টে নিলয় লিখেছিলেন, জের ফেসবুকে এক পোস্টে নিলয় লিখেছেন, ‘ঈশ্বরদীতে ৮ টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।’
এরপর তিনি লিখেছিলেন, ‘একটা বার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চা গুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গেছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যাথা শুরু হবে, হয়তো মা কুকুর টাও মারা যাবে বুকের দুধ কোন বাচ্চাকে খাওয়াতে না পেরে।’
সবশেষে কুকুরছানাগুলোর করুণ পরিণতির জন্য দায়ীর সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি লিখেছিলেন, ‘এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’
নিলয়-তৌসিফ ছাড়াও সাদিয়া আয়মান, জয়া আহসানসহ শিল্পীদের অনেকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন।