বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম
প্রায় এক যুগ পরে দেশের প্রেক্ষাগৃহে তমা মির্জা অভিনীত সিনেমা ‘মন বোঝে না’। ছবির নামের মতো অবস্থা অভিনেত্রীরও, এতো বছর পর হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণায় নিজের মনকে বুঝাতে পারছেন না। ছবির মুক্তি খবরে খুশি হওয়ার বিপরীতে বিরক্ত তিনি। প্রয়োজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তমার।
আয়েশা সিদ্দিকা পরিচালিত ‘মন বোঝে না’ মুক্তির প্রসঙ্গে গণমাধ্যমকে তমা বলেন, ‘১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ (আরিফিন শুভ) ভাই ও আমি আমরা অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও চেহারা সবকিছুতে একটা পরিবর্তনও এসেছে। এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি।

অভিনেত্রী আরও বলেন, ‘ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত। আমার কেন জানি মনে হয়, একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত। না হলে সেই ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীরও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানলাম, একজন প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করেছেন; কিন্তু এত আগের একটি সিনেমা মুক্তি দেওয়াতে দর্শকেরা যেমন হতাশ, আমরাও তেমনি হতাশ।’
সবশেষে এই তারকা বলেন, ‘একজন প্রযোজক যখন কোনো ছবি বানান তার সেই ছবি মুক্তি দেওয়ার শতভাগ অধিকার রয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমি ছবি বানালাম, এরপর বছরের পর বছর মুক্তি না দিয়ে ফেলে রাখলাম, তা কী করে হয়। মুক্তির আগে আমরা যারা প্রধান চরিত্রের অভিনয়শিল্পী, তাদের সঙ্গেও কোনো ধরনের আলাপ-আলোচনা নেই! মতামত জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। এটা চূড়ান্তমাত্রার অপেশাদার আচরণ।’

তমাকে সর্বশেষ দেখা যায় গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত সিনেমায় তমার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তমা-শুভ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সুনেহার বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ।
ইএইচ/