images

বিনোদন

ফাঁকা রাখা হয়েছে সংগীতশিল্পী কনকচাঁপার আসন

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁদের প্রার্থীদের নাম প্রকাশ করেছেন। নাম ঘোষণার পর অনেক মনোনয়ন প্রত্যাশীদের মুখে চওড়া হাসি। আবার কেউ হতাশ হয়েছেন। এবারের নির্বাচনকে কেন্দ্র করে বড় চমক দেখিয়েছে বিএনপি। আইনজীবী, ডাক্তারসহ নানা পেশাজীবীকে মনোনয়ন দিয়েছে দলটি। তবে প্রাথমিক বাছাইয়ে তারকাদের কারও ভাগ্যে জোটেনি দলের টিকিট। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শোবিজের সবচেয়ে আলোচিত নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনি সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। যেখানে তিনি জানান সিরাজগঞ্জ-১ আসান ফাঁকা রাখা হচ্ছে। এই আসনে এখনও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি।  

image-661874-1680557787

বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর গতকাল সোমবার (০৩ নভেম্বর) এক পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তাঁর চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে!  অতএব আলহামদুলিল্লাহ।’ 

সংগীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় কনকচাঁপা। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরবও হন এই সংগীতশিল্পী। 

এর আগে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা, তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাঁধায় কনকচাঁপা নির্বাচনী প্রচার চালাতে পারেননি। শেষ পর্যন্ত এলাকায় যেতে না পেরে তিনি পার্শ্ববর্তী জেলা বগুড়ায় সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন। 

1000170452

কনকচাঁপা সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন।

ইএইচ/