বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম
ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রায় সাত মাস ধরে অসুস্থ তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এতে উদ্বিগ্ন তার সহকর্মীরা। মন খারাপ ঢালিউড সুপারস্টার শাকিব খানেরও। রূপালি পর্দার এ যাদুকরকে নিয়ে সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
আজ রোববার নিজের ফেসবুকে শাকিব লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক।’
এরপর লেখেন, ‘কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে।’
সবশেষে শাকিবের প্রার্থনা, ‘মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’
দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।
তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।