বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিকমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী।
গত মার্চ মাসের শেষ দিকে অভিনেত্রীকে ভারতীয় গয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ। সে সময় এক পোস্টে হতাশা প্রকাশ করে তিনি লিখেছিলেন, “আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম — কী দারুণ এক যাত্রা!”

এবার নতুন করে সাইবার বুলিংয়ের কবলে পড়েছেন বাঁধন। বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) বাঁধন লেখেন, “আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে — এখন নতুন শব্দ হলো ‘নাগিন’!”
এরপর তিনি যোগ করেন, ‘মানুষ আমাকে নানা নাম দিয়ে ডেকেছেন। কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। আর সত্যি বলতে আমি নাগিন নামটি খুব পছন্দ হয়েছি। সবাই রাস্তা খালি করেন, শহরে নাগিন আজমেরী হক এসেছে।’
এর আগে মাত্রাতিরিক্ত সাইবার বুলিংয় প্রসঙ্গে ঢাকা মেইলকে বাঁধন বলেছিলেন, ‘প্রথমত, আমি কোনো জায়গায় যাইনি। এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত, আক্রমণ আমাকে আগেও করত। জুলাই আন্দোলনের সময়ও করা হয়েছে। এখনও করা হচ্ছে। এটা খুবই নিন্দনীয় কাজ।’
তিনি আরও বলেন, ‘যারা মনে করেন আওয়ামী লীগ সরকার থাকলেই ভালো ছিল তাঁদের একটা গ্রুপ এসবের সাথে জড়িত। এছাড়াও কিছু কাছের পরিচিত মানুষ, সহকর্মীরা আক্রমণ করেছেন। এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। একজন কী ধরনের ব্যবহার করবে তা তো আমি নির্ধারণ করতে পারব না।’
ইএইচ/