বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
দীর্ঘদিন অসুস্থার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অনন্তলোকে পাড়ি জমান একুশে পদক প্রাপ্ত বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। গায়িকার মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের সংগীত অঙ্গন। লালন সম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পীর মৃত্যর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সংগীতশিল্পী কনকচাঁপা।
হাসপাতালে শেষবারের মতো দেখতে গিয়ে খানিকটা আক্ষেপ ব্যক্ত করে কনকচাঁপা গণমাধ্যমকে বলেন, ‘সাধারণ মানুষ মনকে আনন্দিত করতে গান শোনেন। কিন্তু যখন কোনো শিল্পী মারা যান তখন পাপ-পুন্য, দোজখ-বেহেশত নিয়ে তারা অনেক কথা বলেন। সেই মন্তব্যগুলো দেখলে আমি ভীত হয়ে যাই, আমাদের খুব খারাপ লাগে। একজন মানুষের দাফন সম্পন্ন হয়নি, তখন থেকেই তিনি কত নম্বর দোজখে বা বেহেশতে যাবেন- এসব নিয়ে আলোচনা চলে।’
জনপ্রিয় এই সংগীতশিল্পী অনুরোধ করেন, ‘যারা অনলাইন বা সামাজিকমাধ্যমে সক্রিয়, তাদের কাছে আমার বিনীত অনুরোধ- শিল্পীদের এত পাপী ভাববেন না। আমাদের দেশে পাপ অনেক জায়গায় আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে। কিন্তু আমরা শিল্পী আমরা শুধু গান করি। আমাদের ঘুষ ,দুর্নীতি, মিথ্যাচার করার জায়গা নেই। আমাদের অন্যায় করার জায়গা নেই।’
এ সময় ফরিদা পারভীনের প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘ফরিদা পারভীন আপা লালনগীতে যে জনপ্রিয়তা সৃষ্টি করেছিলেন, পুরো জায়গাটি তিনি শূন্য করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। যারা লালনগীতি শুনতাম ফরিদা আপাকেই শুনতাম। মূলত যারা লালনের আখড়ায় গান করেন তাঁদের গান একরকম, আর ফরিদা আপার গান আরেকরকম। আখড়া থেকে গান তুলে এনে আপা উপস্থাপন করেছেন।’

ফরিদা পারভীনের সুরের প্রশংসা করে তিনি বলেন, ‘তার কণ্ঠে মায়া, শুধু লালনের কথা বললে তাকে ছোট করা হবে। তাঁর কণ্ঠ অনাবদ্য। এক কথায় বলতে গেলে, ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো। ভরাট একটা সংগীতাঙ্গন দেখে আমি বড় হয়েছি; সেটাই ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমাদের মাথার ওপর যারা বটবৃক্ষের মতো ছিলেন, তাদের আমরা হারিয়ে ফেলছি। আমরা খুবই অসহায় হয়ে যাচ্ছি।’
এদিকে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন জন্য ফরিদা পারভীনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বৃষ্টির মধ্যে শেষবারের মতো বিদায় জানাতে শহীদ মিনারে ভক্ত-অনুরাগীদের ঢল নামে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে ঢাকা ছেড়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে ফরিদা পারভীনের মরদেহ। ফরিদার পরিবার জানিয়েছে, কুষ্টিয়ায় দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে কুষ্টিয়ার পৌর কবরস্থানে দাফন করা হবে।
ইএইচ/