images

বিনোদন

ফরিদা পারভীনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে: গায়িকার ছেলে

বিনোদন ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। গত বুধবার বিকেল থেকে তাঁর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে রেখেছেন। এদিকে গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী গতকাল বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ফরিদা পারভীনের চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই।

ওই পোস্টে ফরিদাপুত্র লিখেছেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকাল থেকেই ওনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।’ 

517366622_10235835289810501_4511511651163385423_n

এরপর তিনি যোগ করেন, ‘এখন ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তাঁর ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তাঁর ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি যে, এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন কোনো আশা নেই। তারপরও, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আমরা আরও কিছু সময় ভেন্টিলেশনের মাধ্যমে এই লাইফ সাপোর্টটা চালিয়ে নিচ্ছি।’  

ফরিদাপুত্র আরও লিখেছেন, ‘খুবই বেদনাদায়ক যে, আম্মার এই শেষ মুহুর্তেও কিছু অ-মানুষ এখনও নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণামূলক কাজ করছে। এ ব্যাপারে আবারও সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের পরিবারের সাথে সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করছি যে, আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্যকোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই।’ 

সবশেষে পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে নোমানী লিখেছেন, ‘সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাঁর অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন। আমিন!’   

ইএইচ/