বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম
অনেকদিন ধরে পর্দার বাইরে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। প্রায় মাস দুয়েক আগে আলোচনায় আসেন বোনের গ্রেফতারের খবরে। এবার বিয়ে করে এলেন সংবাদ শিরোনামে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, গোপনে বিয়ে করেছেন নার্গিস ফাখরি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আমেরিকার টোনি বেগ নামক এক উদ্যোক্তার সঙ্গে ঘর বেঁধেছেন। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে বিয়ের আসর।

কাছের কয়েকজন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন নার্গিস। স্বামীকে নিয়ে সুইজ়ারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন তিনি। নবদম্পতির ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তাদের ঘনিষ্ঠ এক বন্ধু সমাজমাধ্যমে একটি কেকের ছবি দেন। সেখানে লেখা, ‘‘শুভ বিবাহ এনটি ও টিবি।’’ নার্গিস ও তার স্বামীর নামের আদ্যক্ষর বলেই ধারণা নেটাগরিকদের।
এর আগে অসংখ্য পুরুষের বাহুডোরে আবদ্ধ হওয়ার গুঞ্জন উঠেছে নার্গিসের নামে। রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। পরে নাম জড়ায় উদয় চোপড়ার সঙ্গে। সেসময় অস্বীকার করলেও বিচ্ছেদের পর স্বীকার করেছিলেন সম্পর্কের কথা।

গেল ডিসেম্বরে নার্গিসের বোন আলিয়া ফাখরির বিরুদ্ধে এসেছে প্রাক্তন প্রেমিককে জ্বালিয়ে মারার অভিযোগ। এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি নার্গিস। পরে জানা যায়, নার্গিসের সঙ্গে তার বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখে জানতে পারেন।