Dhaka Mail Logo

শিক্ষা

প্রযুক্তিনির্ভর শিক্ষাদানে যবিপ্রবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (হিট)’ ও ‘বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)’ এর যৌথ উদ্যাগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল’ এর সার্বিক সহযোগিতায় আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ৯ম তলায় কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হিট প্রজেক্টের এসপিএমগণ ও দফতর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. এ এফ এম শাহাব উদ্দীন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. এ এফ এম শাহাব উদ্দীন বলেন, সীমিত জনবল ও সম্পদ নিয়েও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সর্বোচ্চ দ্রুততা ও সহজভাবে সেবা পৌঁছে দিতে কাজ করছে। হিট প্রকল্প ও বিডিরেনের সহযোগিতায় দ্রুতই পুরো ক্যাম্পাস নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। আমরা কেবল ইন্টারনেট সমস্যা সমাধান নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটাল রূপান্তরের সহযোগী হতে চাই।

কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিডিরেন এর জিএম কে এইচ রাশেদুল আরেফিন। এ ছাড়াও রিসোর্চ পারসন হিসেবে বক্তব্য রাখেন বিডিরেন এর সিএমও এখলাস উদ্দীন আহমেদ, হিট প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানসহ প্রমুখ।

তারা ডিজিটাল কন্টেন্ট তৈরি, অনলাইন টিচিং টুলস, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেছেন।

প্রতিনিধি/এফএ