প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করেছে।
নতুন সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা আট দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে জানাতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর নতুন সময়সূচি
২৮ ডিসেম্বর, সোমবার: বাংলা
২৯ ডিসেম্বর, মঙ্গলবার: ইংরেজি
৩০ ডিসেম্বর, বুধবার: প্রাথমিক গণিত
৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান
এমএইচ/এএইচ



