জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মা’ বানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যানার ও ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে ছবি প্রকাশ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিতর্ক উঠেছে চরমে।
রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিতরণ করা উপহার ব্যাগে ক্যালেন্ডারটি থাকার পর বিষয়টি অনেকের নজরে আসে এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমালোচনার ঝড়।
পরিস্থিতি সামাল দিতে রোববার (২৯ নভেম্বর) ক্যালেন্ডার প্রত্যাহার ও ছাপা বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ফটোগ্রাফার ও কমিউনিকেশন এক্সপার্টসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যে ভুল নিয়ে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয়ে
২০২৭ সালের জন্য প্রস্তুত করা ওই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বাম পাশে স্থান পাওয়া ছবিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকজন মোনাজাত করছেন। সামনে একটি পুষ্পস্তবক রাখা। তাদের পেছনে মরহুমা খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানারে প্রথম লাইনে ছোট ফন্টে লেখা- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।
দ্বিতীয় লাইনে বড় ফন্টে লেখা- ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরবর্তী লাইনে আরেকটু ছোট ফন্টে- ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। নিচে বড় ফন্টে লেখা-জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
বিষয়টি নজরে আসার পর অনেকে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাঈদুর রহমান ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের দায়িত্বহীন কাজে রীতিমতো বিস্মিত! অবাক ব্যাপার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সেখানে প্রদর্শিত ছবিটির ব্যানারে এমন বিতর্কিত ক্যাপশন কিভাবে এলো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের এতো বিশাল জনবলের কারোর চোখে কি এটি পড়েনি। এটি খুবই দু:খজনক।’
তিনি অভিযোগ করে বলেন, ‘নিশ্চিত বলা যেতে পারে, যে প্রতিষ্ঠানকে দিয়ে এই ধরণের কাজ করানো হয়েছে, নিশ্চিত সেই প্রতিষ্ঠানটিকে স্বজনপ্রীতির মাধ্যমে টেন্ডার দেওয়া হয়েছে। অবিলম্বে এই ধরণের বিতর্কিত কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। বর্তমান প্রশাসনকে অবশ্যই এটির জবাবদিহিতা করতে হবে।’
কাদের নেতৃত্বে তৈরি হয়েছে ক্যালেন্ডার-ডায়েরি
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডাযয়েরি ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক হলেন জনসংযোগ বিভাগের পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ। এছাড়া চুক্তিভিত্তিক হলেও বিশ্ববিদ্যালয়ে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, রেজিস্টার দফতরে সংযুক্ত পরিচালক মুস্তাফিজুর রহমান, পারভেজ সাজ্জাদ (পরিচালক, প্রকিউরমেন্ট ও স্টোর), মো. কামরুল হাসান (উপ-পরিচালক, জনসংযোগ) এবং আতিকুর রহমান হেলাল (উপ-পরিচালক, জনসংযোগ দফতর) এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। আতিকুর রহমান সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।
কমিটির সদস্য না হলেও এই কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সহকারী পরিচালক (গ্রাফিক্স) মো. জহিরুল ইসলাম। আর এআই দিয়ে তৈরি ছবি সরবরাহ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (ফটোগ্রাফি) মো. রাশেদুল ইসলাম (রোকন)।
যেভাবে তৈরি হলো ভুল ক্যাপশনের ব্যানার
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বেশ আগে। সেই সময়ের ব্যানারের ছবি মোডিফাই করতে এআই প্রযুক্তি ব্যবহার করেন ফটোগ্রাফার রাশেদুল ইসলাম রোকন। ওই ব্যানারের ওপরের ক্যাপশনে বেগম খালেদা জিয়াকে শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও শেখ হাসিনার মা হিসেবে উল্লেখ করা হয়, যা ক্যালেন্ডার প্রকাশের আগ পর্যন্ত কারও নজরে আসেনি।
অভিযোগ রয়েছে, ফটোগ্রাফি বিভাগে কাজ করলেও রাশেদুল ইসলাম ঠিকমতো ছবি তুলতে পারেন না এবং বেশিরভাগ সময় সবকিছু সুন্দর করতে এআই ব্যবহার করেন। এর আগেও বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনের ব্যানার তৈরিতে এআইয়ের সহযোগিতা নিয়ে ‘সিনেট অধিবেশন’-এর বদলে ‘সিলেট অধিবেশন’ লেখার ঘটনা ঘটেছিল। সেই ব্যানার টানানোর পর সমালোচনার মুখে পড়লেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
যেভাবে সামনে এলো ভুল ক্যাপশনের ক্যালেন্ডার
প্রতি বছরের মতো এবারও জাতীয় বিশ্ববিদ্যালয় বিপুল সংখ্যক ডায়েরি-ক্যালেন্ডার মুদ্রণের কাজ করছে এবং ইতোমধ্যে অনেকগুলো ছাপা হয়েছে। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সারাদেশের ২৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক।
সম্মেলনে আসা অধ্যক্ষ ও অতিথিদের উপহার হিসেবে ডেস্ক ক্যালেন্ডারটি দেওয়া হয়। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বাম পাশের ছবিতে উপাচার্যের নেতৃত্বে মোনাজাতের দৃশ্যের পেছনের ব্যানারে ওই বিতর্কিত লেখাটি চোখে পড়ে। এছাড়া ক্যালেন্ডারের এক মাসে দুবার ১৬ তারিখ লেখা থাকার বিষয়টিও নজরে আসে।
জানা গেছে, রাশেদুল ইসলামের সরবরাহ করা ছবি গ্রাফিক্স বিভাগের মো. জহিরুল ইসলাম ক্যালেন্ডারে বসান এবং পরে কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া তা চূড়ান্ত করেন। কিন্তু ভুল ক্যাপশনটি কারও চোখে পড়েনি। বিষয়টি উপাচার্যের নজরে আসার পর তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয় এবং সারাদেশে বিতরণ করা ক্যালেন্ডার ফিরিয়ে আনতে আঞ্চলিক সমন্বয় দফতরের পরিচালক আমিনুল আক্তারের দায়িত্বে লোক পাঠানো হয়।
এছাড়া ৩০ নভেম্বর আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সমাবেশ বাস্তবায়নেও ‘ফ্যাসিবাদের দোসরকে’ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফটোগ্রাফার বরখাস্ত, চাকরি খোয়ালেন কমিউনিকেশন এক্সপার্ট
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের ভুলকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রোববার (২৯ নভেম্বর) জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মহিউদ্দিন মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশাসনিক পদক্ষেপের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল নজরে আসার পরপরই সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দফতরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
পাশাপাশি জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দফতরে সংযুক্ত করা হয়েছে।
একইসঙ্গে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, বিতরণকৃত ক্যালেন্ডার প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিইউ/এএইচ