Dhaka Mail Logo

শিক্ষা

‘প্রাথমিকের পাঠ্যক্রমে বলা ও শুনে বোঝার দক্ষতা যুক্ত করা হবে’

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে বলা ও শুনে বোঝার দক্ষতার মতো বিষয়গুলো যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) এর আয়োজনে ‘ওয়াটার ওম্যান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের কথা বলা এবং অন্যের কথা শুনে তা বোঝার সক্ষমতা তৈরি করতে হবে। যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রাথমিক শিক্ষার কারিকুলামে এসব বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিশুদের শৈশব থেকেই নিজেদের চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। একইসঙ্গে অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং তা অনুধাবন করার সক্ষমতাও গড়ে তুলতে হবে। এসব দক্ষতা একজন শিশুকে ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও কার্যকর যোগাযোগে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় জীবনদক্ষতা তৈরি করা জরুরি। এজন্য প্রচলিত শিক্ষাপদ্ধতির পাশাপাশি বাস্তব জীবনে কাজে লাগে— এমন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষায় কন্যাশিশুদের জন্য মেন্সট্রুয়াল হাইজিন প্রোডাক্টস সরবরাহ করা নিয়েও কাজ করছে মন্ত্রণালয় বলেও জানান তিনি।

আলোচনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের দক্ষতা বিকাশ এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এফএ