নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডে ২০৭ জন শিক্ষার্থীর ফল অকৃতকার্য থেকে পাসে পরিবর্তিত হয়েছে। এ ছাড়া পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ৬৪ পৃষ্ঠার ফলের তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
তালিকায় ফল পরিবর্তন হওয়া ১ হাজার ২৬৭ জন শিক্ষার্থীর রোল নম্বর রয়েছে। তাদের একাধিক বিষয়ের ফল পরিবর্তন হওয়ায় বিষয়ভিত্তিক পরিবর্তনের তথ্য এসেছে ১ হাজার ৪৪৯টি।
তালিকায় দেখা যায়, আগে অকৃতকার্য হওয়া ২০৭ জন শিক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণের পর পাসে পরিবর্তিত হয়েছে। তাদের মধ্যে কারও এক বিষয়ে, আবার কারও একাধিক বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে ৩৫০টি বিষয়ে আগের এফ গ্রেড বদলে পাসের গ্রেড এসেছে।
বিষয়ভিত্তিক হিসাবে, ১৯১টি বিষয়ে এফ থেকে ডি, ৭৭টি বিষয়ে এফ থেকে সি এবং ৮০টি বিষয়ে এফ থেকে বি গ্রেড হয়েছে। এ ছাড়া দুটি বিষয়ে এফ থেকে এ মাইনাস গ্রেড এসেছে।
পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। তালিকার আগের ফলের সঙ্গে সংশোধিত ফল তুলনা করে দেখা যায়, আগে জিপিএ-৫ না পাওয়া ৭৭ জন শিক্ষার্থীর জিপিএ বেড়ে ৫.০০ হয়েছে। তাদের মধ্যে কেউ আগে ৪.৯২, কেউ ৪.৮৩ বা এর চেয়ে কম জিপিএ পেয়েছিলেন।
বিষয়ভিত্তিক ফল পরিবর্তনের সংখ্যায় এগিয়ে রয়েছে ইংরেজি। এ বিষয়ে ৭২টি ফল পরিবর্তন হয়েছে। এরপর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ৬৫টি, বাংলায় ৫৫টি এবং রসায়নে ৫২টি ফল পরিবর্তনের তথ্য রয়েছে। এ ছাড়া অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞানসহ অন্যান্য বিষয়েও শিক্ষার্থীদের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডের তালিকায় একই শিক্ষার্থীর একাধিক বিষয়ের ফল পরিবর্তন আলাদা করে দেখানো হয়েছে।
এমএইচ/এএম